সেপটিক ট্যাংকের ডিজাইন অনুযায়ী গর্ত খনন করতে হবে। কাজের সুবিধার্থে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর এক ফুট বেশি করে খনন করা উচিত। নিচে মাটি ভালোভাবে কম্প্যাকশন করে নিতে হবে। বালি দ্বারা নিচের অংশ সমান করে নিতে হবে এরপর ৪-৬ ইঞ্চি পুরুত্বের আরসিসি বেস ঢালাই দিতে হবে।
সেপটিক ট্যাংকের জন্য জায়গা নির্বাচন
যেন তেন জায়গায় সেপটিক নির্মাণ করা উচিত নয়। নিচের বিষয়গুলো লক্ষ্য রেখে সেপটিক ট্যাংকের জন্য জায়গা নির্বাচন করুন।
১. টিউবওয়েল বা ওয়াটার পাম্প থেকে কমপক্ষে ৩০ থেকে ৪০ ফিট দূরে সেপটিক ট্যাংক নির্মাণ করতে হবে।
২. বৃষ্টি বা বর্ষার পানি জমে থাকে এমন জায়গা নির্বাচন করবেন না। যতদূর সম্ভব উঁচু জায়গায় সেপটিক ট্যাংক নির্মাণ করবেন।
৩. ভবনের ফাউন্ডেশনের নিচের সেপটিক ট্যাংক নির্মাণ করা উচিত নয়।
তিনটি চেম্বার বিশিষ্ট সেপটিক ট্যাংক নির্মাণ করা উত্তম। ইনলেট পাইপ দ্বারা প্রথম চেম্বার ভারী মল জমে। দ্বিতীয় চেম্বার আংশিক পরিশোধন মল জমে থাকে এবং তৃতীয় চেম্বার পরিষ্কার পানি আউটলেট পাইপ দ্বারা সোক পিটে যাবে।
সেপটিক ট্যাংক প্লাম্বিং এর কাজ
ইনলেট এবং আউটলেট পাইপ স্থাপন করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যেন ট্যাংকের দেয়াল এবং পাইপের মধ্যে কোন ফাঁকা না থাকে। মসলা ব্যবহার করে যথাযথভাবে ফাঁকা অংশ বন্ধ করে দিতে হবে। আউটলেট পাইপ, ইনলেট পাইপ হতে কমপক্ষে ৪ ইঞ্চি নিচে স্থাপন করতে হবে। এবার সেপটিক ট্যাংকের পানিরোধী পরীক্ষা করার জন্য এটি পানি দ্বারা সম্পূর্ণরূপে পরিপূর্ণ করতে হবে এবং সময় সাথে পানি কমছে কিনা তা পর্যবেক্ষন করতে হবে।
সেপটিক ট্যাংক এর জন্য বিএনবিসি-এর নির্দেশনা
১. সাধারনভাবে দুই কক্ষ বিশিষ্ট সেপটিক ট্যাংক নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে। ( তবে তিন কক্ষ বিশিষ্ট সেপটিক ট্যাংক নির্মাণ করা উত্তম)
২. প্রথম কক্ষ দ্বিতীয় কক্ষ এর তুলনায় দ্বিগুণ আকার হবে। দৈর্ঘ্য প্রস্থের তিন গুন হবে।
৩. দুই চেম্বারের মাঝে একটি বাফেল প্রাচীর থাকবে যা নিচ থেকে পানিতলের ৬০% উচ্চতায় অবস্থিত।
৪. ইনলেট ও আউটলেটে ৪ ইঞ্চি ব্যাসের "T" ব্যবহার করতে হবে।
সেপটিক ট্যাংকের ন্যূনতম তরল ধারন ক্ষমতা হতে হবে ২,০০০ লিটার।
৫. সেপটিক ট্যাংক এর ন্যূনতম প্রন্থ ১ মিটার, ন্যূনতম তরল গভীরতা ১ মিটার বজায় রাখতে হবে।
৬. সেপটিক ট্যাংক এর ভিতরের অংশে সিমেন্ট মর্টার দিয়ে প্লাস্টার ও নীট ফিনিসিং এর মাধ্যমে জলরোধী করা হয়।
৭. সেপটিক ট্যাংকের উপরের প্লাব আরসিসি দ্বারা তৈরি করতে হবে এবং প্রতিটি চেম্বারে একটি ঢাকনাসহ পরিদর্শন ম্যানহোল থাকবে।
সেপটিক ট্যাংক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ
শুধু মানব বর্জ্য ও টয়লেট পেপার ব্যবহার করাযাবে, টয়লেট ব্যবহারের পরে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে এবং ভেন্টিলেশনের জন্য ভেন্ট পাইপ খোলা রাখতে হবে।
সেপটিক ট্যাংক ব্যবহারে নিষেধ
প্লাস্টিক, পলিথিন, স্যানিটারি প্যাড, ডায়াপার ফেলা যাবে না। কেমিক্যাল, অ্যাসিড, ব্লিচিং পাউডার বেশি ব্যবহার করা যাবে না। রান্নাঘরের তেল-চর্বি সরাসরি ট্যাংকে দেওয়া যাবে না।
গাদ ও সর যখন ট্যাংকের দুই তৃতীয়াংশ আয়তন ভরে যাবে তখন ট্যাংকটি পরিষ্কার করতে হয়। সাধারণত ২ হতে ৫ বছর পর পর একটি ট্যাংকের গাদ ও সর অপসারণ করতে হয়। ভ্যাকুয়াম ট্রাক দ্বারা গাদ অপসারণ সবচেয়ে নিরাপদ ব্যবস্থা।
